বিবাহ করে গোপন রাখা মোটেই উচিৎ না।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খবর প্রচার করতে বলেছেন। কারণ, পাপ (ব্যাভিচার) গোপনে করা হয়। কিন্তু বিবাহ হয় প্রকাশ্যে। ইদানিং আলেম সমাজের মধ্যেও গোপনে বিবাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রথম স্ত্রীর মেনে না নেওয়া বা পারিবারিক বিশৃঙ্খলাকে অজুহাত হিসাবে পেশ করে অনেকেই এটিকে জায়েয করার চেষ্টা করেন। কিন্তু পরিবার থেকে না হয় গোপন করলেন কিন্তু সমাজ থেকে কিভাবে গোপন করবেন?
প্রথম স্ত্রীকে জানানো বা তার অনুমতি অপরিহার্য না। কিন্তু প্রকাশ্যে না জানালে সমাজ আপনাকে সন্দেহ করবে না?
গোপনীয়তা ফাঁস হলে তখন কিন্তু বিশ্বাস করানো কঠিন যে, আপনি পূর্বেই বিবাহ করেছেন। আর এ কারণেই তো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে বলেছেন। আর সমাজ জানলে আপনার পরিবারের কাছে কিভাবে গোপন থাকবে?
বরং পরিবার পরে জানলে বিশৃঙ্খলা আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আপনার দ্বিতীয় স্ত্রীকে সময় দিতে বা তার সাথে থাকতে হলে প্রথম স্ত্রীকে দিনের পর দিন মিথ্যা বলবেন?
স্ত্রীর সাথে এই প্রকারের অবিরত মিথ্যাকে জায়েয করা হয়েছে?
আবার প্রথম স্ত্রীর সন্তানদেরকে কিভাবে মিথ্যা বলবেন?
অতএব, সাহস থাকলে প্রথম স্ত্রীকে জানিয়ে বিবাহ করুন!
তাকে বলুন, এটা আপনার অধিকার অথবা অন্য যে কোনভাবে ম্যানেজ করুন। কিন্তু গোপন করার সুযোগ নেই। ফিল্মের নায়ক-নায়িকাদের মত হয়ে যাবেন না!
আল্লাহ আমাদের সুমতি দিন। আমাদেরকে হেফাজত করুন।
