ডঃ আহমেদ শরীফকে বাংলাদেশের নাস্তিকদের গুরু বলা যায় ৷ বাউলদের জীবন ও অবাধ যৌনাচার নিয়ে তিনি "বাউল তত্ত্ব" গ্রন্থটি রচনা করেন ৷ উক্ত গ্রন্থে তিনি অকপটে স্বীকার করেন যে, "ঊনিশ-বিশ শতকে আহলে হাদীস আন্দোলনের ফলে মুসলমান বাউলেরা অনেকে শরীয়তী ইসলামে ফিরে এসেছে ৷"
একজন নাস্তিক যে সত্যটি উপলব্ধি করতে পেরেছেন, একজন বিশাল বড় মাপের আলেম লক্ষ লক্ষ মুরিদের পীর সে সত্যটি উপলব্ধি করতে পারেন নি ৷ পীর সাহেবের মতে আগে নাপিত ছিলো, এখন আহলে হাদীস হয়েছে ৷ যদি প্রশ্ন করি, নাপিতের কাজ করতে শরীয়তের কোথাও কি নিষেধ আছে?
তাহলে নাপিতকে এত তুচ্ছ চোখে দেখার কি আছে!
যে কারো সাথেই আমাদের ইখতিলাফ থাকতে পারে ৷ সব সময় সব ক্ষেত্রে সবার সাথে একমত হওয়া সম্ভব না ৷ কিন্তু ইখতিলাফের কারণে অন্ধ হয়ে যাওয়া, প্রতিপক্ষকে হেয় করা সুস্থ মস্তিষ্কের লক্ষণ না ৷ মাওলানা মওদুদীর লেখায় ইখতিলাফের সুন্দর কিছু চিত্র পাওয়া যায় ৷ তাঁর "খেলাফত ও রাজতন্ত্র" একই বিষয়ে হানাফী আলেমগণ ও আহলে হাদীসের আলেমগণ কী মনোভাব ব্যক্ত করেছেন দু'টোই তুলে ধরেছেন ৷
মাওলানা সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী অত উচ্চ শিক্ষিত ছিলেন না ৷ মাওলানা মওদুদীর কন্যা হুমায়রা মওদুদী "হামারে ওয়ালেদীন, শাজার হায়ে ছায়েদার" ( বাংলা: আমার আব্বা আম্মা, যে বৃক্ষরাজির ছায়ায় বেড়ে উঠি) গ্রন্থে মাওলানা মওদুদীর শিক্ষাগত যোগ্যতা মাত্র ম্যাট্টিক বর্তমান এসএসসি সমমান উল্লেখ করেছেন ৷ মাওলানা মওদুদী যে প্রচুর গবেষণা করতেন সেটা তার লেখা পড়লেই বোঝা যায় ৷ পীর সাহেব অত গবেষণায় না গিয়ে, সোজা বাংলায় বলে দিলেন আহলে হাদীসের মসজিদে গেলে টাকা দেয় ৷
যদি মসজিদে গেলে টাকা পাওয়া যেতো কেউ মেহনত করে টাকা উপার্জন করতো না ৷ ঝগড়াটে স্বভাবের লোকদের কাছ থেকেই এই ধরনের লেইম যুক্তি আসে ৷ জ্ঞানী লোকদের কাছ থেকে না ৷ জ্ঞানার্জন করতে হলে প্রচুর পড়তে হয় ৷ যেমন ঐতিহাসিক গোলাম আহমেদ মোর্তজা প্রচুর পড়তেন ৷ তাকে বলা হয় "পুস্তক সম্রাট" ৷
গোলাম আহমেদ মোর্তজা তাঁর "চেপে রাখা ইতিহাস" গ্রন্থে বলেন, "সৈয়দ আহমেদ বেরেলভী, হাজী শরীয়ত উল্যাহ, তীতুমীরের মতো স্বাধীনতাকামীরা যখন বৃটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করছিলেন তখন ইংরেজরা একদল তথাকথিত মুসলমানকে ভাড়া করেছিলো ৷ এই দালালরা প্রচার করতো সৈয়দ আহমেদ বেরেলভী, হাজী শরীয়ত উল্যাহরা ওহাবী, আহলে হাদীস ইংরেজদের দালাল, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ৷" পীর সাহেবও একই সুরে বলছেন, আহলে হাদীস খৃষ্টানদের দালাল ৷
যেখানে বিশাল বড় পীরেরই এই অবস্থা, সেখানে তার পিচ্চি মুরিদের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়!
