কোমরে ফিতার নতুন ফ্যাশন
আজকাল বোনদের মধ্যে পর্দা করার আগ্রহ আগের চাইতে অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ। রাস্তা-ঘাটে হিজাব নিক্বাব করা বোনদের সংখ্যা দেখে নির্দ্বিধায় বলা যায়, মেয়েরা আগের চেয়ে অনেক বেশি পর্দা সম্পর্কে সচেতন।
কিন্তু সঠিক জ্ঞানের অভাবে অনেক সময়েই দেখা যায়, ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক ভাবে পর্দা করা হচ্ছে না অনেকের। অনেক বোনকে দেখা যায় এমন বোরখা পরিধান করতে যেগুলোতে কোমরের কাছে ফিতা থাকে। ফিতা বেঁধে বোরখা পরলে পর্দার গুরুত্বপূর্ণ একটি শর্ত লঙ্ঘন করা হয়। কোন শর্ত জানার আগে চলুন জেনে নেওয়া যাক পর্দার শর্ত গুলো কি কি।
পরিপূর্ণ পর্দা বা হিজাব এমন ভাবে করতে হবে যেন
১।পুরো শরীর ঢেকে থাকে,
২। কাপড়টা পাতলা বা এমন হবেনা যে ভিতরে দেখা যা্য়,
৩। ঢিলাঢালা হবে, শরীরের শেইপ বোঝা যাবে না,
৪। আকর্ষণীয় হতে পারবে না, দৃষ্টি কেড়ে নেয় এমন হবে না,
৫। সুবাস থাকবে না,
৬।পুরুষের পোশাকের সদৃশ হবে না,
৭। বিধর্মী নারীর অনুকরণ করা হবে না,
৮। প্রাণীর ছবি থাকবে না।
তৃতীয় পয়েন্টটি দেখুন, শরীরের শেইপ বোঝা যাবে না এমন ভাবে পর্দা করতে হবে। যখন আপনি ফিতা বাঁধেন, সেই ফিতা ঢিলেঢালা করে বাঁধলেও চেস্ট এরিয়া এবং কোমরের শেইপ বোঝা যায়।
আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করলাম, কিন্তু শায়তানের প্ররোচনায়, সঠিক জ্ঞানের অভাবে যদি পর্দার খিলাফ পোশাক পরে ফেলি, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক।
আল্লাহ সুবহানা তা’লা আমাদের সঠিক ভাবে পর্দা করার তৌফিক দিন। আমীন।
